ইউএলসা-এর কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সভা
ইউআইটিএস ল’ ষ্টুডেন্ট এসোসিয়েসান-এর কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, কাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মানবাধিকার আইনবিদ অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে এবং নাজনীন আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় একটি যুগোপযোগী ও পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী সদস্যরা গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। সভায় ইউআবটিএস এলএলএম ব্যাচের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।
অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান তাঁর বক্তব্যে বলেন, একটি সংগঠনের সফলতা সদস্যসংখ্যার ওপর নয়, বরং লক্ষ্যভিত্তিক ও গুণগত মানসম্পন্ন মানুষের ঐক্যের ওপর নির্ভর করে। তিনি UITS-এর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা মো. নাসির উদ্দিন বলেন, একটি কার্যকর ও আদর্শ সংগঠন পরিচালনার জন্য সুস্পষ্ট গঠনতন্ত্রের কোনো বিকল্প নেই। তিনি UELSA-কে কেবল পুনর্মিলনীভিত্তিক সংগঠন না হয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান। নাজনীন আনোয়ার বলেন, একটি সুশৃঙ্খল সংগঠনের মেরুদণ্ড হলো তার গঠনতন্ত্র। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী আইনি প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গঠনতন্ত্র সংশোধনপূর্বক অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ব্যাংক হিসাব পরিচালনা, সদস্য সংগ্রহ অভিযান, স্মারক ও অ্যালবাম প্রকাশ, পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন, লিগ্যাল এইড ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন, জনস্বার্থ মামলা (PIL) এবং মানবাধিকার বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের সম্মানিত আইনজীবীদের মধ্যে রাজ, তমা, আব্বাস, রাসিব, জাহিদ, মুক্তা, সাইফুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

