আবহাওয়া

দেশের ১৩টি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কা

আবহাওয়া অধিদপ্তর দেশের ১৩টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। আজ রবিবার (৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে সাময়িকভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রঝড়ও হতে পারে।
এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, আবহাওয়া দপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। এই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দেশের সব অংশে বজ্রসহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।