আন্তর্জাতিক

আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ‘আমেরিকার পুতুল ঘাঁটি’ দায়ী: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে সেখানে মার্কিন সামরিক উপস্থিতিকে দায়ী করেছেন। আল জাজিরা নিউজ। তিনি আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে এক বার্তায় এই দাবি করেন। উল্লেখ্য, ১৬২২ সালে হরমুজ প্রণালী থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়নের স্মরণে প্রতি বছর ইরানে এই দিনটি উদযাপন করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এটা প্রমাণিত যে পারস্য উপসাগরীয় দেশগুলোতে আমেরিকান বিদেশিদের উপস্থিতি এবং তাদের আশ্রয়স্থলগুলোই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তিনি মার্কিন মিত্রদের সতর্ক করে বলেন, এই আমেরিকান পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি বা সক্ষমতা নেই। এমন পরিস্থিতিতে, আমেরিকার ওপর নির্ভরশীল বা এই অঞ্চলে আমেরিকানদের প্রতি অনুরাগী দেশগুলোকে নিরাপত্তা প্রদানে আমেরিকা কোনো ভূমিকা পালন করবে—এমন আশা করা বৃথা।
উল্লেখ্য, ইরান বরাবরই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করে আসছে। খামেনেইয়ের বিবৃতি সেই অবস্থানকে আরও শক্তিশালী করেছে।