দেশজুড়ে

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যা: একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লার বুরিচাং-এ দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কুমিল্লা মহিলা ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অভিযুক্ত হলেন বুরিচাং উপজেলার ভাড়েল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে ময়নাল হোসেন।
বাদীর আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালে অভিযুক্ত ময়নাল হোসেন উপজেলার ভাড়েল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণ ও হত্যা করে তার লাশ পলিথিনে মুড়ে একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। নিহত উম্মে হাবিবা মীমের মা বাদী হিসেবে বুরিচাং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এই রায় দেওয়া হয়।