পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কার্জওয়েল প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি শক্তিশালীকরণ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর জোর দেন। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

