দেশজুড়ে

তেলের দাম কারসাজি, টাঙ্গাইলে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তর টাঙ্গাইলের মধুপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রি এবং অবৈধ প্যাকেজিং মজুত করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা সুরক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন। মধুপুর বাজারসহ বিভিন্ন এলাকা নজরদারিতে রাখা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ডিজেল ও পেট্রোলের দাম বেশি রাখার দায়ে মধুপুরের চান মিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, সয়াবিন তেলের অতিরিক্ত দাম নেওয়ার দায়ে সম্রাট এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং অবৈধ প্যাকেজিং মজুত করার দায়ে মানিক স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার নজরদারি জোরদার করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে বা কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক রফি রহমান ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।