জাতীয়

বিরোধীদের আহ্বানে সাড়া দিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী

চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি সমস্যা মোকাবিলায় বিরোধীদলীয় নেতার যৌথ কমিটি গঠনের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে ৫ জন সরকারি দল থেকে এবং বাকি ৫ জন বিরোধী দল থেকে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এই কমিটি গঠনের কথা বলেন। পরে তিনি সরকারি দলের ৫ জন সদস্যের নামও ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই একমত যে জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। বিরোধীদলীয় নেতা প্রস্তাব দিয়েছেন যে, এই সংকট মোকাবিলায় তাদের কিছু পরামর্শ রয়েছে। যে বিষয়ে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেকোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তিনি বলেন, সেই প্রেক্ষাপটেই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটিতে সরকারি দল থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়াও, অন্য তিনজন সংসদ সদস্য হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
প্রধানমন্ত্রীর ভাষণের পর স্পিকার একজন চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব দেন। এরপর প্রধানমন্ত্রী এই কমিটির চেয়ারম্যান হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নাম ঘোষণা করেন। তিনি বিরোধী দলকেও দ্রুত ৫ জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান। এই কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা মনে করি এই সংসদই হবে সব জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্র। আমরা শীঘ্রই কমিটির জন্য নাম উল্লেখ করব।”