দেশজুড়ে

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে ১০ জন আহত

ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এলাকায় ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার (২২ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল একটি প্রতিবাদ মিছিল করে।
এরই ধারাবাহিকতায়, আজকে পূর্ব-ঘোষিত কর্মসূচি পালনের জন্য ছাত্রদলের নেতা ও কর্মীরা সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় জড়ো হতে শুরু করেন। এদিকে, খবর পেয়ে ছাত্রশিবিরের নেতা ও কর্মীরা একটি মিছিল বের করে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে শহরের উদ্দেশে রওনা হন। এই সময় ছাত্রদলের নেতা ও কর্মীরা ইট-পাথর ছুঁড়লে শিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে সময় ছাত্র শিবিরের নেতা ও কর্মীরা ককটেল ফাটিয়ে এবং ছাত্রদলের একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে। পরে তারা লাঠি ও কাঠের ডান্ডা নিয়ে রেলগেট এলাকায় গিয়ে বিক্ষোভ করে। ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ক্যাম্পাসে মিছিল করার জন্য উভয় পক্ষ অনুমতি চাইলেও সংঘর্ষটি ক্যাম্পাসের বাইরে হয়। কলেজের ভেতরে কোনো ঘটনা ঘটেনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।