আন্তর্জাতিক

৩ জন নিহত, সংখ্যা আরও বাড়তে পারে; সিয়াটল খাদ্য উৎসবে কী ঘটল?

ওয়াশিংটনের সিয়াটলে জনপ্রিয় ‘বাইট অফ সিয়াটল’ খাদ্য উৎসবে গোলাগুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটল সেন্টারে এই ঘটনাটি ঘটে।
সিয়াটল পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, দুজন ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গোলাগুলির ঘটনাটি যখন ঘটে তখন উৎসবে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর ৭ থেকে ৮টি গুলির শব্দ শোনার পর সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দৌড়ানোর সময় অনেকেই প্রায় পদদলিত হচ্ছিলেন। ২৫ বছর বয়সী প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো বলেন, উৎসবটি শুরু থেকেই এতটাই জনাকীর্ণ ছিল যে নড়াচড়া করা কঠিন ছিল। গুলির শব্দ শোনা মাত্রই লোকজন একে অপরকে পদদলিত করে দৌড়াতে শুরু করে। পুরো পরিস্থিতি ছিল চরম বিশৃঙ্খল।
তিনি আরও জানান যে, ঘটনাস্থলে ফিরে তিনি দেখেন একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদের মধ্যে একজনের দেহ একটি হলুদ চাদর দিয়ে ঢাকা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও গুলির ঘটনার পর উৎসবস্থলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা গেছে।
হামলার পর পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তবে, আরেকজন এখনও পলাতক রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং পলাতক সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। ১৯৮২ সাল থেকে আয়োজিত ‘বাইট অফ সিয়াটল’ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম খাদ্য উৎসব। প্রতি বছর প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ এই তিন দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।