হামের প্রাদুর্ভাব কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব কমেছে এবং হাম পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে। তিনি দাবি করেন, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং দ্রুত টিকাদানের ব্যবস্থা করেছে। সরদার সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছিল। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
আজ বুধবার (২০ মে) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো ঘুরে দেখেন। এই ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম যোগ করার ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আজ ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পর দমকল বাহিনীর ১০টি ইউনিটের প্রচেষ্টায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

