কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক আবদুস সালাম। আজ বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ১৯ নম্বর ওয়ার্ডের এসটিএস সবজি বাগানের সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি হাটে একটি কন্ট্রোল রুম, একজন ডাক্তার এবং পুলিশি টহল থাকবে। যাতে মানুষ কোনো সমস্যা ছাড়াই হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সাথে সাথেই পরিষ্কার করা হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক একটি সমীক্ষা চালানো হচ্ছে। সমীক্ষার ফলাফল পর্যালোচনা করে আগাম ব্যবস্থা নেওয়া হবে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

