স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ নেমেছে
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি কেলেঙ্কারির প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) ‘মর্যাদার জন্য পদযাত্রা’ নামে পরিচিত এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। যদিও সমাবেশটি মূলত শান্তিপূর্ণ ছিল, কিছু জায়গায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা আহত হন।
স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এই গণবিক্ষোভে দেশের প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং উগ্র-ডানপন্থী দল ভক্স-এর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা স্পেনের জাতীয় পতাকার পাশাপাশি সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগসহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে।
এক পর্যায়ে, একদল বিক্ষোভকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদের চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একদল মুখোশধারী লোক প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার প্রধান সড়কটি অবরোধ করেছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।
সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগে সানচেজ সরকারের ওপর চাপ তীব্রতর হয়েছে। মঙ্গলবার (১৯ মে), স্পেনের একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব খাটানো এবং অর্থ পাচারের নেটওয়ার্ক চালানোর অভিযোগে তদন্তের ঘোষণা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাপাতেরো তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে, ২০২৪ সালের এপ্রিলে, পেদ্রো সানচেজ সাময়িকভাবে পদত্যাগের কথা ভেবেছিলেন যখন তার স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে একটি দুর্নীতির তদন্ত শুরু হয়। তবে, সানচেজ এবং তার স্ত্রী শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রীর দাবি, উগ্র-ডানপন্থী রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিক কারণে তাদের পরিবারকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করছে। গত মাসে, স্পেনের একজন সরকারি কৌঁসুলিও ডানপন্থী দলগুলোর দায়ের করা মামলাটি বন্ধ করার জন্য তদন্তকারী বিচারককে অনুরোধ করেছেন। শনিবারের এই বিশাল সমাবেশে কত লোক সমবেত হয়েছিল, সে সম্পর্কে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আন্দোলনের আয়োজকদের দাবি, এই বিক্ষোভে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। অন্যদিকে, মাদ্রিদে স্প্যানিশ সরকারের প্রতিনিধি জানিয়েছেন যে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার।
সূত্র: রয়টার্স।

