আমাদের চট্টগ্রাম

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত, ৬ জন আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি আজ রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মো. মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমীরা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।