শিক্ষক বাবার স্বপ্ন পূরণ করলেন পররাষ্ট্র ক্যাডারে সেরা হলেন তানভীর রহমান
নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের মেধাবী সন্তান তানভীর রহমান ৪৭তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার এই অসাধারণ সাফল্য পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে আনন্দের আবহ তৈরি করেছে।
গত রবিবার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তানভীর রহমান তার সাফল্য, উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তিনি একটি শিক্ষিত ও কৃষিনির্ভর পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা একজন প্রধান শিক্ষক। পরিবার তাকে শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চায় সবসময় উৎসাহিত ও সমর্থন করেছে।
তানভীর রহমান বলেন, জীবনে নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও তিনি সবসময় পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন। তাই তিনি তার এই অর্জনকে শুধু ব্যক্তিগত প্রচেষ্টার ফল হিসেবে দেখেন না।তিনি বলেন, আমার অর্জনে যদি সামান্য প্রচেষ্টাও থেকে থাকে, বাকিটা আল্লাহর অসীম করুণা। পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থন ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হতো না।
শিক্ষাজীবনে তিনি টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক শেষ করে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। একই সাথে তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান।
প্রথমবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন তার অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তার সুমী তানভীর রহমানের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, তানভীর ছোটবেলা থেকেই খুব মেধাবী, নম্র ও মনোযোগী ছাত্র ছিল। পড়াশোনার প্রতি তার আগ্রহ এবং শেখার মানসিকতা ছিল অসাধারণ। শিক্ষক হিসেবে আমি তখনই বুঝেছিলাম যে ভবিষ্যতে সে অনেক দূর যাবে। তিনি আরও বলেন, আজ তিনি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পররাষ্ট্র ক্যাডারগুলোর একটিতে প্রথম স্থান অর্জন করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার এই অর্জন শুধু তার পরিবারেরই নয়, সমগ্র নেত্রকোনার মানুষের গর্ব। আমি বিশ্বাস করি, তিনি দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ভবিষ্যৎ বিসিএস প্রার্থীদের উদ্দেশে তানভীর রহমান বলেন, নিরন্তর কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যদি নিজের লক্ষ্যকে মনে রেখে নিষ্ঠার সাথে কাজ করা যায়, তবে সাফল্য একদিন আসবেই। সকলের ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সৎ ও দায়িত্বশীল উপস্থাপনার গুরুত্বের কথাও উল্লেখ করেন। তার এই সাফল্য নিঃসন্দেহে নেত্রকোনাসহ দেশের অগণিত তরুণের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

