বিবিধ

লোহাগাড়ায় ট্রেন দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. টিপু (১৮)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হরবাং গ্রামের মো. শাহজাহানের ছেলে। গতকাল মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খান। স্থানীয়রা তাকে রেললাইন থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, পরিবারের অনুরোধে রেলওয়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করেছে।