লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার কাদকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহ উপজেলার জেবদিন এলাকার একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছে।
এছাড়াও, বাংলাদেশ এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দীপালি বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন।

