জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন ১৭০ জন বাংলাদেশি

লিবিয়ার বেনগাজি আটক কেন্দ্রে আটকে থাকা এবং স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা আজ মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সক্রিয় সহযোগিতায় এই প্রত্যাবাসন কর্মসূচিটি পরিচালিত হয়।
বিমানবন্দর সূত্রমতে, ফিরে আসা অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে দালালদের খপ্পরে পড়ে পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন যে, সেখানে বিভিন্ন সময়ে তাদের অপহরণ করে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের স্বাগত জানিয়েছেন। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ভুক্তভোগীদের নিজ নিজ এলাকার সকলের কাছে তাদের বেদনাদায়ক ও তিক্ত অভিজ্ঞতা তুলে ধরার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াত খরচ, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেয়। তারা বলেন, লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে এখনও আটকে থাকা অন্যান্য বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার ও আইওএম একসঙ্গে কাজ করছে।