লন্ডনে হাসনাত ও আরও ৪ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা, প্রতিবাদ এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং তার চার কর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত শুক্রবার (১৯ জুন) যুক্তরাজ্যের লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি করা হয়।
মামলায় অন্য অভিযুক্তরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। এদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি ইউকে জোট।
এতে বলা হয়েছে যে, হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার ও হয়রানির পর যুক্তরাজ্যে আওয়ামী লীগ এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা নতুন নাটক শুরু করেছে। তারা আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ‘জোরপূর্বক মারধরের’ অভিযোগে হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এর মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, যুক্তরাজ্যে একটি বিশেষায়িত সংস্থা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব এবং যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে, বিলুপ্ত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবং আবারও ব্যর্থ হবে। তারা অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক ভাষণ, যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের সঙ্গে তাঁর সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।

