দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসা কমান্ডার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হয়েছেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-র শীর্ষস্থানীয় ও বিতর্কিত কমান্ডার মো. জুবায়ের।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে রোহিঙ্গা ক্যাম্প-৮ পশ্চিমের ব্লক এইচ/২৯ এলাকায়। নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ পশ্চিমের রহমত উল্লাহর ছেলে। উখিয়ায় ১৪তম সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ পশ্চিমের এইচ/২৯ ব্লকের বাসিন্দা মো. জুবায়ের বৃহস্পতিবার তার বাড়ি থেকে এইচ/২৯ ব্লকের মসজিদে যাচ্ছিলেন। সে সময় তিনি ইব্রাহিমের বাড়ির সামনে পৌঁছালে কিছু সন্ত্রাসী তাকে লক্ষ্য করে প্রায় ৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ক্যাম্প-৮ পশ্চিমের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার বলেন, ঘটনার খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রাপ্ত প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে, বিভিন্ন কারণে বেশ কয়েকদিন ধরে এআরএসএ এবং আরএসও সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিবাদ ও দলাদলি চলছিল।