বিবিধ

রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ খান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল বুধবার (১৫ জুলাই) রাতে মাদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘটেছে। মৃত মোশাররফ খান উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ খান বুধবার রাতে খাবার খেয়ে তার মাছের ঘেরে যান। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় পথচারী তাকে পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দমকল বাহিনী ও কালুখালী থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, মাছের ঘেরে বৈদ্যুতিক বাল্বের লাইন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।