আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ইরানের ওপর হামলা আরও তীব্র হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, আগামী সপ্তাহে ইরানের ওপর মার্কিন হামলা তীব্র হবে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ফক্স নিউজে প্রচারিত ট্রাম্পের এক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, তেহরান আলোচনায় ফিরলেও তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে সামরিক হামলা চালাবেন। এদিকে, সেন্টকম জানিয়েছে যে, গত মঙ্গলবার বিকেল ৪টায় মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় শুরু করেছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি এবং বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারত ও নিউজিল্যান্ড ইরানের ঊর্ধ্বতন কূটনীতিকদের তলব করেছে। দেশ দুটি হরমুজে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
টেলিকম ডেটা, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান যুদ্ধের আগে ও চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কর্মী ও ঠিকাদারদের একটি সমন্বিত ফোন-ট্র্যাকিং অভিযানের লক্ষ্যবস্তু করা হয়েছিল।