আন্তর্জাতিক

যুদ্ধে হরমুজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালীকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন। কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালী সংকট নিয়ে আলোচনা করেছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এবং এটিকে যুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা উপসাগরীয় দেশগুলোর ওপর মারাত্মক অর্থনৈতিক প্রভাব ফেলছে। তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি বা ‘ব্ল্যাকমেল’ করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালী ব্যবহার করে আসছে। তবে, ইরানকে এটা করতে দেওয়া যাবে না।