যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল প্রায় ৩,৫০০ হামলা চালিয়েছে: লেবাননের প্রধানমন্ত্রী
মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে প্রায় ৩,৫০০ বিমান হামলা এবং শত শত নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। আল জাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত ইসরায়েল ৩,৪৯১টি বিমান হামলা, ৪০৭টি নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ এবং ৬টি ভয়াবহ অভিযান চালিয়েছে। এই অভিযানগুলোতে দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বাস্তুচ্যুত মানুষের একটি নতুন ঢেউ তৈরি করেছে, যা তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশের সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। কারণ বৈরুত, সিডন এবং দেশের অন্যান্য অংশে তাদের আশ্রয় দেওয়ার ক্ষমতা ইতোমধ্যেই তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে।
২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা এবং জোরপূর্বক উচ্ছেদের হুমকির কারণে লেবাননে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।

