জাতীয়

যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াতের আমীর

যুগ যুগ ধরে নেতারা বদলালেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। গতকাল শুক্রবার (১ মে) বিকেল ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
জামায়াতের আমীর বলেন, বামপন্থীরা শ্রমিকদের সঙ্গে সংগ্রাম করে, যেকোনো বিষয়ই সামনে আসে। এরপর যখন আন্দোলন গতি পায়, তখন তারা নিজেদের ভাগ নিয়েই সন্তুষ্ট থাকে। ফলে যুগ যুগ ধরে নেতাদের ভাগ্য বদলালেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
তিনি বলেন, সারাবছর সবাই শ্রমিক অধিকার নিয়ে কথা বললেও বাস্তবায়নের সময় তা ভুলে যায়। শ্রমিকদের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এছাড়া, মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমেই শিল্প খাতের অগ্রগতি সম্ভব, তাই তিনি এই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ড. শফিকুর রহমান আরও অভিযোগ করেন যে, গৃহকর্মীদের পাশাপাশি প্রবাসীরাও চরম অবহেলা ও বঞ্চনার শিকার। যদিও রেমিটেন্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দূতাবাসগুলোর, অনেক ক্ষেত্রে তাদের কার্যকলাপ প্রবাসীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।