আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে চায় ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েল আগামী ১০ বছরের মধ্যে মার্কিন সামরিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমাতে চায়। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি চান মার্কিন আর্থিক সামরিক সাহায্য পর্যায়ক্রমে শূন্যে নামিয়ে আনা হোক।
তিনি বলেন, ইসরায়েল বর্তমানে বছরে প্রায় ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সাহায্য পায়। ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশটিকে মোট ৩৮ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার জন্য ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি রয়েছে। তবে, নেতানিয়াহুর মতে, মার্কিন-ইসরায়েলি আর্থিক সম্পর্ক পুনর্মূল্যায়নের সময় এসেছে। এবং এখন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়োজন রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমে গেছে। একটি সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষের ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের প্রভাব ও প্রচারণার কারণে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, যদি বর্তমান ইরানি সরকার দুর্বল হয়ে পড়ে বা পতন হয়, তাহলে হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের মতো গোষ্ঠীগুলোরও পতন হতে পারে। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইরানি সরকারকে উৎখাত করা সম্ভব কিনা – জবাবে নেতানিয়াহু বলেন, “সম্ভব? হ্যাঁ। নিশ্চিত? না।”