যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) বা ভবিষ্যৎ চুক্তির অধীনে করা প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্রকে সরে না আসার জন্য সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, “যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হবে, তা অবশ্যই রাখতে হবে। কোনো অজুহাত, কোনো শর্ত, কোনো ব্যাখ্যা চলবে না।”
চলমান আলোচনা প্রসঙ্গে গালিবফ আরও লিখেছেন, “একটি সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির ক্ষেত্রে আর কোনো বিকল্প পথ নেই। যেমন কর্ম তেমন ফল।” এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, এই চুক্তিটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও ব্যাপক একটি চুক্তির পথ প্রশস্ত করতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে জেনেভা সফর করতে পারেন।
প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা নির্ভর করবে ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত কিছু শর্ত পূরণ করার ওপর। প্রতিবেদন অনুসারে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরেও যেসব প্রযুক্তিগত বিষয় অমীমাংসিত থেকে যাবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।

