দেশজুড়ে

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

জরুরি পরিষেবা নম্বর ১৬১১১-এ ফোন পাওয়ার পর কোস্ট গার্ড একটি যাত্রীবাহী লঞ্চে থাকা গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার এক নারী তার ১৪ মাস বয়সী মেয়েকে নিয়ে এমভি কর্ণফুলী-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। দুপুর প্রায় দেড়টার দিকে লঞ্চটি চাঁদপুর লঞ্চ ঘাটের সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
তখন শিশুটির মা কোস্ট গার্ডের জরুরি পরিষেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত চাঁদপুর লঞ্চ ঘাটে পৌঁছে অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের একটি গাড়িতে করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।