দেশজুড়ে

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুর জেরে যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হোসেন (৩৮) কুপিয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ।
ঘটনাটি ঘটে আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পের পাশে একটি গাড়ি ওজন মাপার যন্ত্রের সামনে। নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার বান্দাবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। তিনি উপজেলার তেলিধান্যপোড়া এলাকার খাজুরা তেল পাম্পের পাশের গ্রামের বাসিন্দা মুনতাজ ধালির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুর জেরে একই এলাকার আবদুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন অংশে কোপায়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর। বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও প্রেক্ষাপট উদঘাটনে তদন্ত চলছে। একই সাথে, অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক পুলিশ দল কাজ করছে।