মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে গতকাল শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে, সেনবাগ উপজেলার কাঙ্কিরহাট-চাতরপাইয়া-সোনাইমুড়ি সড়কের কেশরপার এলাকার মুন্সির দোকান নামক স্থানে। নিহতরা হলেন উপজেলার দমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন আরোহীসহ একটি দ্রুতগতির মোটরসাইকেল কাঙ্কিরহাট থেকে চাতরপাইয়ার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে মুন্সির দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চাতরপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিকে) নিয়ে গেলে চিকিৎসকরা আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই ভাই নিহত হওয়ার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

