দেশজুড়ে

মুক্তিপণ চাওয়ার দুই দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফেনীতে মুক্তিপণ চেয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার (১১ মে) সকালে দাগনভূঁইয়া পৌরসভার আমানুল্লাহপুর এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত শিশুটির বয়স ১৮ মাস। সে লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপুর ছেলে।
শিশুটির বাবা মো. তারেক জানান, গত শনিবার (৯ মে) সকালে হাসান বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় তিনি ০১৯২৭০৩৫৬০৩ নম্বর থেকে ফোন পান। প্রথমে ১২,০০০ টাকা এবং পরে ১,২০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল রবিবার (১০ মে) দাগনভূঁইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম জানান, আজ সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মুক্তিপণের এই দাবিটি একজন প্রতারকের কাজ। তদন্তের পর জানা গেছে, হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁর ছিল।