মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরও শ্রমিক গ্রহণ এবং নথিবিহীন অভিবাসীদের বৈধ করার আহ্বান জানান। আজ সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রয়েছে। তিনি বিদেশে তাদের দুর্ভোগ লাঘব করতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী আসিয়ানে যোগদানের আগ্রহও প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং দুটি নোট বিনিময় করা হয়। মালয়েশিয়ায় ১৮ ঘণ্টার সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কার্যালয়ে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

