আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে মর্যাদার জন্য লড়ছেন ফুটবলাররা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে, ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার সংগ্রামে দেশটির কর্মকর্তা, আলোচক এবং ফুটবলাররা সকলেই নিজ নিজ ভূমিকা পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতির খবর এবং বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ইরানের ড্র করার পর তিনি এই মন্তব্য করেন।
পোস্টটিতে তিনি ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত স্কুলছাত্রদের একটি ছবি এবং বিশ্বকাপের একটি ফুটবল ম্যাচের ফুটেজ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “ফুটবল মাঠ থেকে আলোচনার টেবিল বা যুদ্ধক্ষেত্র পর্যন্ত – ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।” তিনি ২৮ ফেব্রুয়ারি শাহজারেহ তাইয়েব বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করেন। ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন স্কুলছাত্র ও শিক্ষক।
তিনি নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
সূত্র: মিডল ইস্ট আই