মায়ের হাত ফসকে নর্দমায় পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লা শহরে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে নর্দমায় পড়ে স্মৃতি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে শহরের ছোটারা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ঘটেছে। মৃত শিশু স্মৃতি কালিয়াজুরি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মায়ের সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটার সময় জলমগ্ন রাস্তার ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে স্মৃতি মায়ের হাত থেকে ফসকে নর্দমায় পড়ে যায়। তখন আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর নর্দমার কিছুটা ভেতরে আটকে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় নর্দমা পরিষ্কার ও মেরামতের কাজ চলছিল। কিছু জায়গায় নর্দমার ঢাকনা খোলা ছিল এবং অনেক স্ল্যাব ভাঙা ছিল। একটানা বৃষ্টির কারণে রাস্তা জলমগ্ন হওয়ায় খোলা নর্দমা ও ভাঙা স্ল্যাবগুলো পানির নিচে তলিয়ে যায়, যা পথচারীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি একটি দুর্ঘটনা।”

