মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনার কয়রা উপজেলায় ভবতোষ মৃধা খোকা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে তার বাড়িতে ছিদ্র করে কুপিয়ে হত্যা করেছে আততায়ীরা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৮ মে) ভোরে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে। নিহত ভবতোষ মৃধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত যশো মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজারে একটি ওষুধের দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে একদল দুষ্কৃতকারী ভবতোষ মৃধার বাড়িতে ছিদ্র করে প্রবেশ করে। ভবতোষ জেগে উঠে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ভোর সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে, নিহতের বাড়ি থেকে কোনো জিনিসপত্র চুরি হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

