দেশজুড়ে

মাগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত

প্রতিবেশীর সবজি ক্ষেত ছাগলের ক্ষতিসাধনকে কেন্দ্র করে মাগুড়ার শ্রীপুর উপজেলায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। জালাল শেখ গ্রুপের হারুন শেখ (৩০), সুজন শেখ (২৫), সুমন শেখ (৩০) ও আফরোজা (২৭) সংঘর্ষে আহত হন। অন্যদিকে, মোতাহার গ্রুপের নাজির (৩৫), উজ্জ্বল (৩০) ও শরিফুল (৩০) গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গতকাল সোমবার (১১ মে) রাতে উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমলসার গ্রামের মোসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী কিয়ামুদ্দিনের ছেলে মোতাহারের জমি থেকে সবজি খেয়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তারিকুল ও সাজেদার পরিবারের সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়।
এক পর্যায়ে সুমন শেখ নামে এক যুবক তারিকুলকে মারধর করলে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি চলাকালে সুজন শেখের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি মিয়া জানান, সবজি ক্ষেত নষ্ট করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাতে চালানো অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান চলছে। ওসি জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।