ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে গেল
ময়মনসিংহের নন্দাইলে মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এই ঘটনায় চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজার সংলগ্ন কাওয়ারগতি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘এমকে সুপার ট্রান্সপোর্ট’-এর একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কাওয়ারগতি এলাকায় বিপরীত দিক থেকে নন্দাইল মোড়ের দিকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সে সময় বাসটি মহাসড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে ধানক্ষেতের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় বাসের সামনের অংশ এবং বিদ্যুতের খুঁটিটি দুমড়ে-মুচড়ে গেছে। বাসচালক বাদশাহ মিয়া (৩৫), কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ি আমতলা গ্রামের তাহের আলীর ছেলে আবুল কালাম (৪৫), কেন্দুয়ার তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) এবং কিশোরগঞ্জ গায়তাল এলাকার মৃত আব্দুল কাদ্দুসের ছেলে সুমন মিয়াসহ আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে বাসচালক বাদশাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটির বেপরোয়া গতির কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নন্দাইল হাইওয়ে থানা ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে নন্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনকে ময়মনসিংহ জেলা সদর হাসপাতালে এবং তিনজনকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

