আন্তর্জাতিক

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে আগুন লেগেছে। এনডিটিভির খবর অনুযায়ী, আজ রবিবার (১৭ মে) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে কোটার বিক্রমগড় আলোট স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ কোচে আগুন ধরে যায়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সময় ক্ষতিগ্রস্ত কোচটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে অন্য কোচে স্থানান্তরিত করা হয়। এরপর পোড়া কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করে এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, আগুনের কারণে কোচটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং কাছের কিছু গাছেও আগুন লেগেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত যাত্রীদের বাকি কোচগুলোতে করে কোটা নিয়ে যাওয়া হবে। সেখান থেকে একটি নতুন কোচ যুক্ত করে যাত্রা পুনরায় শুরু হবে। ১২৪৩১ নম্বর এই রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে ছেড়েছিল। ট্রেনটির দুপুর ১২:৩০ মিনিটে দিল্লির নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার সময় ট্রেনটি ইতিমধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং গন্তব্যস্থল দিল্লি থেকে তখনও প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।