বিবিধ

ব্রাহ্মণবাড়িয়ায় খাদে ইটবোঝাই ট্রাক পড়ে দুই শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় রাস্তার পাশের খাদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রাক পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদয়র ইউনিয়নের মন্দারপুর এলাকায় ঘটে। নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার বৈশ্বমোড়া এলাকার বাসিন্দা আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এই ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন।
কসবা থানার এসআই আবদুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে ট্রাকটি চরগাছ এলাকার দিকে যাচ্ছিল। পথে মন্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। ট্রাকের দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।