জাতীয়

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দ্রুতগতির (বুলেট) ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ড. জুবাইদা রহমান। এর আগে, প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ১০টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন ‘সামার দাভোস’-এ অংশগ্রহণ করেন।
‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সভা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পিইচ অংশগ্রহণ করেন। সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। ‘সামার দাভোস’-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ শুধু বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগই প্রসারিত করবে না, বরং বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকেও সমৃদ্ধ ও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২২ জুন) চীনের দালিয়ান সফর করেন।