আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১২২ ডলারে, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে বলে সতর্ক করার পর গতকাল বুধবার (২৯ এপ্রিল) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে বেড়েছে। বিবিসি নিউজ।
এক পর্যায়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২২ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শেভরনের সিইও সহ প্রধান জ্বালানি সংস্থাগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমানো এবং তেল ও গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টাদের ইরানের বন্দরগুলোতে অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ধরে ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। একই সাথে, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টির ঝুঁকি রয়েছে। উল্লেখ্য যে, ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত রয়েছে। ফলে, দীর্ঘ সময় ধরে বাজারে অস্থিরতা বিরাজ করছে, যা বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে।