বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক আফতাব মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুব বাহিনীর আহ্বায়ক। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে সদস্য সম্পাদক আখতার হোসেনের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়েছিল।
চাঁদগাঁও থানায় দায়ের করা অভিযোগে ভুক্তভোগী জানান, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আফতাব শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে তিনি বিয়ের আগে তাতে রাজি হননি।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই সকালে আফতাব তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শহরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর বিয়ের জন্য বারবার জোরাজুরি করা সত্ত্বেও অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যায় এবং অবশেষে যোগাযোগ বন্ধ করে দেয়।
মামলায় আরও বলা হয়েছে যে, পরে ওই তরুণী জানতে পারেন আফতাব আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি চাঁদগাঁও থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। চাঁদগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, ধর্ষণ মামলার অভিযুক্ত আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শহরের হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা প্রসঙ্গে এনসিপি কেন্দ্রীয় বা চট্টগ্রাম মহানগর কমিটির কোনো নেতার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

