বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক শাসনের বিরুদ্ধে তেল আবিবে শত শত মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভ চলাকালে ইসরায়েলি পুলিশ অন্তত নয়জনকে আটক করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার (২৬ জুলাই) তেল আবিবের কাপলান স্ট্রিটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পুলিশ দাবি করেছে যে, বিক্ষোভের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এক পর্যায়ে বিক্ষোভকারীরা জনশৃঙ্খলা বিঘ্নিত করে এবং রাস্তা অবরোধ করে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি অভিযান চালানো হয়। এরপর নয়জনকে আটক করা হয়।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলা ও সহিংসতা বৃদ্ধি দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিক্ষোভকারীরা এই হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘদিনের সামরিক শাসনের অবসানের দাবি জানিয়েছে।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১,১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২৫০ জন শিশু। এই সময়ে অন্তত ১২,৬৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়াও, ইসরায়েলি বাহিনী ২৪,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। ১ জুলাই, ২০২৬ পর্যন্ত, ইসরায়েলের বিভিন্ন কারাগারে ৯,২৯৯ জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এদের মধ্যে ৩,২৪৪ জনকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটক আইনের অধীনে রাখা হয়েছে।
এছাড়াও, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অধিকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতার জন্য জবাবদিহিতার অভাব নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। অভিযোগ রয়েছে যে, ফিলিস্তিনিদের উপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে খুব কমই বিচারিক ব্যবস্থা নেওয়া হয়। একইভাবে, অভিযুক্ত ইসরায়েলি সৈন্যদেরও খুব কমই দোষী সাব্যস্ত করা হয়।

