বরিশাল বাকেরগঞ্জে বোমা সদৃশ বিস্ফোরণে ৩ জন আহত
বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় এক বিস্ফোরণে এক নারী ও এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ভোরপাশা ইউনিয়নের দুধলমাউ গ্রামে ঘটে।
আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে বিকট শব্দে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কাছাকাছি থাকা তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, বালির বস্তার ভেতরে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগ্নে অগ্নিদগ্ধ হন। প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তিনি দাবি করেন, বোমাটি কীভাবে সেখানে এলো সে সম্পর্কে তাদের পরিবারের কোনো ধারণা নেই। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত ছিল, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

