ফরিদপুরে ১৫ জন গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫০ জনেরও বেশি আহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য নিয়ে দুটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পুলিশসহ ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আজ রবিবার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
পুলিশের ভাষ্যমতে, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মানিকদহ ইউনিয়নের সুলতান মাতুব্বর এবং হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে সংঘর্ষ থামানো সম্ভব হয়নি।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সংঘাত থেমে গেলেও এলাকার পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত।

