আন্তর্জাতিক

প্রয়োজনে ইরানের ওপর আরেকটি সামরিক হামলার হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে ইরানের ওপর আরেকটি সামরিক হামলা চালানো হবে। তিনি দাবি করেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
তিনি বলেন, “আমরা ইরানের পারমাণবিক বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছি।” নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক সম্প্রতি কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি ১৮ জুন থেকে কার্যকর হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে এতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকে আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিলকরণ, ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা। তবে, ইসরায়েল শুরু থেকেই ইরানের সঙ্গে যেকোনো ধরনের চুক্তির বিরোধিতা করে আসছে। একই সঙ্গে, দেশটির সরকার এও সতর্ক করেছে যে, প্রয়োজনে তারা তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাবে।