প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ রবিবার (২১ জুন) বিকেল ৩টায় ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।
কুয়ালালামপুর পৌঁছে প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করবেন। শ্রমবাজার উন্মুক্তকরণ, আসিয়ান সদস্যপদ লাভ এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে। এছাড়া সাংস্কৃতিক বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এরপর প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে সরাসরি মঙ্গলবার চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’ (২০২৬ সামার দাভোস ফোরাম)-এর ১৭তম বার্ষিক সভায় যোগ দেবেন। এ সময় তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
এরপর বুধবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। এই দ্বিপাক্ষিক সফরে ১৩টি চুক্তিসহ মোট ১৭টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তিনি ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই রাতেই দেশে ফিরবেন।

