অর্থনীতি

প্রতি লিটারে সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়ল

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হবে। এর পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও ৪ টাকা বাড়িয়ে প্রতি লিটারে ১৭৯ টাকা করা হবে। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা বিষয়ক এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেন। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে।
সে সময় বাণিজ্যমন্ত্রী বলেন, উৎস পর্যায়ে তেলের দাম এবং আমদানি প্রক্রিয়ার অতিরিক্ত খরচ বিবেচনায় রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে আমদানিকারক ও শোধনাগারগুলোর চাহিদা অনুযায়ী আংশিক সমন্বয় করা হলেও পুরো চাহিদা মেটানো সম্ভব হয়নি। খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, উৎস পর্যায়ে ভোজ্য তেলের দাম কমলে এই মূল্য পুনরায় সমন্বয় করা হবে। এর পাশাপাশি, পাম তেলের দামও লিটার প্রতি ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা করা হয়েছে।