দেশজুড়ে

পালানোর সময় গ্রিলে আটকে পড়ে চোর, ভিডিও ভাইরাল

দিনচলা কুমিল্লার একটি বাড়ি থেকে পালানোর সময় মারজান হোসেন জিহাদ (২২) নামের এক চোর বারান্দার লোহার গ্রিলে আটকে যায়। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। গতকাল সোমবার (১১ মে) রাতে জানালার গ্রিলে তার আটকে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর আগে গত রবিবার বিকেলে কুমিল্লা শহরের ইসলামপুর এলাকার (আদালতের পূর্ব দিকে) একটি ভবনের নিচতলায় এই ঘটনাটি ঘটে। পরে একটি ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের কারাদণ্ড দেয়।
গ্রেপ্তার হওয়া মো. মারজান হোসেন জিহাদ শহরের ছোটরা এলাকার আব্দুল বারেকের ছেলে। ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনটির নিচতলায় একটি ভাড়াটিয়া পরিবার থাকত। সেখানেই জিহাদ চুরি করতে গিয়ে ধরা পড়ে।
পুলিশ জানায়, গত রবিবার বিকেলে জিহাদ শহরের ইসলামপুর এলাকার একটি ভবনের নিচতলার বারান্দার গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার চেষ্টা করে। পরে বের হওয়ার সময় তার শরীর গ্রিলে আটকে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ দীর্ঘ চেষ্টার পর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের কারাদণ্ড দেয়। কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “খবর পেয়ে আমরা চোরকে উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করি। সে সময় ভ্রাম্যমাণ আদালত চোরকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।”