আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাসের সাথে ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকার কাছে একটি ভ্যান যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সামা টিভি এ খবর জানিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় পেছন থেকে একটি দ্রুতগামী ভ্যান এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। উদ্ধারকারী কর্মকর্তারা দাবি করেছেন যে, ভ্যান চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে ধাক্কা দেন।
মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্রও সোয়াত এক্সপ্রেসওয়েতে একটি ভ্যান ও বাসের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মুখপাত্র জানান, নিহত ও আহতদের মরদেহ চিকিৎসা এবং আইনি কার্যক্রমের জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি করাচি থেকে বুনের যাচ্ছিল। অন্যদিকে, ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দিরের দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ ছিল ভ্যান চালকের অবহেলা।