ডিবি পরিচয়ে চট্টগ্রামে মারধর ও হেনস্তার শিকার ক্রিকেটার নাঈম
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান ডিবি পরিচয়ে চট্টগ্রামে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি জানান, গতকাল শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের লালখানবাজার ফ্লাইওভারের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগে খেলে নিজ শহর চট্টগ্রামে ফিরেছেন নাঈম হাসান। তিনি জানান, বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে পুলিশের গাড়িতে তুলে মারধর করা হয়।
জাতীয় দলের এই অফ-স্পিনার অভিযোগ করেন, প্রথমে ডিবি পরিচয়ে তাকে তল্লাশি করা হয়, পরে সাদা পোশাকে থাকা এক-দুইজন পুলিশ তাকে মারধর শুরু করে। নাঈম হাসান অভিযোগ করেন, নিজের পরিচয় দেওয়ার পরেও তাকে হেনস্তা থেকে রেহাই দেওয়া হয়নি।

